প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Nov 11, 2025
মাধবদীতে শিশু ধর্ষণ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদকঃ
মাধবদীতে শিশু ধর্ষণ ও হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ভাটপাড়ায় পাঁচদোনা–টঙ্গি মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে নারী-পুরুষ ও শিশুসহ কয়েক শত মানুষ এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা দাবি জানান, অভিযুক্ত ধর্ষককে দ্রুত গ্রেফতার করা হোক।
গত শনিবার (৮ নভেম্বর) সকালে ভাটপাড়ায় এক ৮ বছর বয়সী শিশুকন্যা ধর্ষণ ও হয়রানির শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মহসিন নামের এক ব্যক্তি বাদী হয়ে মাধবদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় একই এলাকার রুসমত আলীর ছেলে মোমেন মিয়ার নাম উল্লেখ করা হয়েছে (মামলা নং: ৭৮/১১/২৫)।
স্থানীয়রা অভিযোগ করেন, আসামি এলাকায় অবস্থান করলেও পুলিশ এখনো তাকে গ্রেফতার করতে পারেনি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ঘটনার পর থানায় মামলা গ্রহণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”